শেষ হচ্ছে লজিটেকের হারমোনি রিমোট অধ্যায়

১০ এপ্রিল, ২০২১ ২১:৫২  
দীর্ঘ সময় কোনো হার্ডওয়্যার আপডেট না আসায় অনেকেরই ধারণা ছিলো লজিটেক তাদের কিছু পণ্য তৈরি বন্ধ করতে যাচ্ছে। সেই ধারণাই সত্যি হলো। কোম্পানিটির সাপোর্ট ফোরাম থেকে নিশ্চিত হওয়া গেছে, লজিটেক তাদের হারমোনি রিমোটের অধ্যায় শেষ করতে যাচ্ছে। খবর এনগ্যাজেট। লজিটেক জানিয়েছে, বিভিন্ন খুচরা বিক্রেতাদের কাছে হারমোনি রিমোট পাওয়া গেলেও লজিটেক এই রিমোটটি তৈরি করবে না। ফলে বাজারে বিদ্যমান রিমোটগুলো বিক্রি হলে এগুলো আর পাওয়া যাবে না। এই ঘোষণায় ক্রেতাদের উপর কোনো প্রভাব পড়বে না বলে মনে করছে লজিটেক। কারণ বিদ্যমান গ্রাহকদের জন্য হারমোনি কমিউনিটি চালু থাকবে। এছাড়া নতুন গ্রাহকদের রিমোট সেটআপ ও ব্যবস্থাপনার জন্য সফটওয়্যার ও অ্যাপস অ্যাক্সেস চালু থাকবে। প্লাটফর্ম আপডেট এবং হারমোনি ডাটাবেজে ডিভাইস যুক্ত করার পরিকল্পনাও চলমান থাকবে। ফলে গ্রাহকদের ওয়ারেন্টি সুবিধায় কোনো বিঘ্ন ঘটবে না বলেও জানানো হয়। সাম্প্রতিক বছরে লজিটেকের ইউনিভার্সাল রিমোটটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। যারা লিভিং রুম এবং স্মার্ট হোমে মোটামুটি সবকিছু একই রিমোটে সংযুক্ত রাখতে চান তাদের জন্য সেরা অপশন হলো ইউনিভার্সাল রিমোটটি ব্যবহার করা। গুগল, অ্যাপল, অ্যামাজনের মতো কোম্পানিগুলো স্মার্ট হোম ব্যবস্থাপনায় বিস্তৃতি ঘটালেও ইউনিভার্সাল রিমোটের বাজার এখনও লজিটেকের জন্য সম্ভাবনাময় বাজার। ডিবিটেক/বিএমটি